

ভোলা প্রতিনিধি | ২৩ জানুয়ারি ২০২৬
ভোলায় সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর আয়োজনে বর্ণাঢ্য আয়োজনে ‘গণতন্ত্র অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভোলার জেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলার বিভিন্ন কলেজের প্রায় ৩০০ শিক্ষার্থী এই অলিম্পিয়াডে অংশ নেন।
হাফেজ মোঃ বনী আমিনের কোরআন তেলাওয়াত, অসীম সাহার গীতা পাঠ এবং সমবেত কণ্ঠে জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানের শুরুতেই সুজনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে (২১ জানুয়ারি সন্ধ্যায় প্রয়াত) এক মিনিট নীরবতা পালন ও তাঁর আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।

শুভেচ্ছা বক্তব্যে ভোলা জেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। জেলা সুজনের সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী তাঁর বক্তব্যে জুলাই বিপ্লবের গুরুত্ব এবং বর্তমান সংবিধান সংস্কারের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন।

প্রবীণ সাংবাদিক ও জেলা সুজনের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ শওকাত হোসেন ১৯৭১ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের গণতন্ত্রের বিবর্তন ও জুলাই সনদের প্রেক্ষাপট তুলে ধরেন। ডক্টর মিজানুর রহমান আলোচনা করেন নাগরিক অধিকার ও বাংলাদেশের বাস্তবতার ওপর।
বরিশাল বিভাগীয় কো-অর্ডিনেটর মেহের আফরোজ মিতা বলেন, “২০০২ সাল থেকে সুজন গণতন্ত্র ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার জন্য নিরলস কাজ করে যাচ্ছে। জনগণকে সঠিক ভোটাধিকার প্রয়োগে উৎসাহিত করতে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।”

অলিম্পিয়াড পরিচালনা ও ফলাফল তৈরির কাজে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষক অংশ নেন। পুরো আয়োজনটির সমন্বয়ে ছিলেন জেলা সুজনের কো-অর্ডিনেটর রিয়াজ মাহমুদ। তাঁকে সহযোগিতা করেন সহ-সভাপতি গোলাম মোহাম্মদ, আবুল কাশেম, কোষাধ্যক্ষ আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তালহা তালুকদার বাঁধন ও নাসরিন জাহান হাবীব।
প্রতিযোগিতা শেষে একটি তথ্যচিত্র (ডকুমেন্টারি) প্রদর্শন ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এরপর মেধার ভিত্তিতে শীর্ষ ১০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও মেডেল প্রদান করা হয় এবং সকল অংশগ্রহণকারীকে সার্টিফিকেট দেওয়া হয়।




