

আব্দুল আলিম, নাটোর জেলা প্রতিনিধি ২৫ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আব্দুল আজিজের আনুষ্ঠানিক নির্বাচনি প্রচারণার কর্মপন্থা নির্ধারণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় গুরুদাসপুর পৌর সদরের নারায়ণপুর স্কুল মাঠ প্রাঙ্গণে ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি এবং এর সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য এবং গুরুদাসপুর পৌরসভার সাবেক মেয়র মো. মশিউর রহমান বাবলু। তিনি তৃণমূল পর্যায়ে ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনি প্রচারণায় নামার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: আলহাজ্ব মো. ওমর আলী শেখ, আহ্বায়ক, সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি (উপজেলা বিএনপি)। আলহাজ্ব মো. দুলাল সরকার, আহ্বায়ক, সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি (পৌর বিএনপি)। আলহাজ্ব মো. আমজাদ হোসেন, সদস্য সচিব, সদস্য সংগ্রহ ও নির্বাচন পরিচালনা কমিটি (উপজেলা বিএনপি) ও সাবেক পৌর চেয়ারম্যান।
উল্লেখ্য, প্রধান অতিথি হিসেবে আলহাজ্ব মো. আব্দুল আজিজের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কাজের ব্যস্ততায় তিনি সভায় সশরীরে উপস্থিত হতে পারেননি।
১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নুরুল আমিনের সভাপতিত্বে এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলীর সঞ্চালনায় সভায় নির্বাচনি এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মপন্থা নিয়ে আলোচনা করা হয়। সভায় ১ ও ২ নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতা-কর্মীসহ স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।




