

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন।
কোনো কেন্দ্রে ব্যালট বক্স ছিনতাইয়ের ঘটনা ঘটলে পোলিং অফিসার, প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে কোনো রাজনৈতিক দলের লেজুড়বৃত্তি না করে এবং কারো প্রতি বিশেষ আনুকূল্য (তেল দেওয়া) না দেখিয়ে সরকারি কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে উৎসবমুখর করতে সব বাহিনীকে সহিংসতা দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণের নির্দেশনা দেওয়া হয়েছে।
ভোটারদের সহায়তায় (বিশেষ করে বয়স্ক ও অসুস্থদের জন্য) ইউনিয়ন পর্যায় পর্যন্ত অ্যাম্বুলেন্স ও মেডিকেল টিম প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
শেরপুরে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় জড়িতদের দ্রুততম সময়ে গ্রেফতার করা হবে বলে আশ্বস্ত করেছেন উপদেষ্টা।
“বিগত নির্বাচনগুলোর মধ্যে এবারের নির্বাচন সব থেকে ভালো একটা নির্বাচন হবে।” — স্বরাষ্ট্র উপদেষ্টা




