মধুমতী নদী থেকে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে শতাধিক পরিবার

জেলা প্রতিনিধি, মাগুরা।

মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল ইউনিয়নে মধুমতী নদী থেকে রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। এতে একদিকে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে, অন্যদিকে নদীপাড়ের শতাধিক পরিবার ও একটি প্রাচীন মন্দির চরম ভাঙনঝুঁকির মুখে পড়েছে।

স্থানীয়দের দাবি, ফরিদপুর জেলার মধুখালী উপজেলার একটি প্রভাবশালী চক্র গত দুই মাস ধরে ধারাবাহিকভাবে এই কার্যক্রম চালাচ্ছে। প্রতিদিন রাত ১১টা থেকে ভোর পর্যন্ত শক্তিশালী ড্রেজার দিয়ে বালু তুলে বলগেট নৌযানে করে অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

নদীপাড়ের বাসিন্দা শুকুমার বিশ্বাস ও সুজলা রায় জানান, বাধা দিতে গেলে বালু দস্যুরা গ্রামবাসীদের মারধর ও গালিগালাজ করে। বর্তমানে নদীর তীরের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল দেখা দিয়েছে। স্থানীয় ইউপি সদস্য মো. ইব্রাহিম খলিল বলেন, “এভাবে চলতে থাকলে আগামী বর্ষায় পুরো এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাবে।”

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সালেক মূহিদ জানান, খবর পাওয়ার পরপরই সেনাবাহিনী ও পুলিশ নিয়ে যৌথ অভিযান চালানো হয়েছে। তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে চক্রটি দ্রুত পাশের জেলা ফরিদপুরের সীমানায় পালিয়ে যায়। যেহেতু অভিযুক্তরা অন্য জেলার বাসিন্দা, তাই সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে। এলাকায় নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত পদক্ষেপ নিতে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button