

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে এস এম জাহাঙ্গীর হোসেন বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই বিজয় উপলক্ষে তিনি ভোটারসহ নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট সকলকে গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন।
এস এম জাহাঙ্গীর হোসেন তাঁর এক বিবৃতিতে জানান, এই বিজয় কেবল তাঁর ব্যক্তিগত বা দলীয় জয় নয়; বরং এটি সাধারণ মানুষের প্রত্যাশা, আস্থা ও ভালোবাসার প্রতিফলন। তিনি এই জয়কে ঢাকা-১৮ আসনের সর্বস্তরের জনগণের প্রতি উৎসর্গ করেন।
বিবৃতিতে তিনি আরও বলেন, “সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে ভোটারবৃন্দ, সাধারণ জনগণ এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীরা যে ধৈর্য ও নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণমাধ্যমকর্মীদের নিরলস পরিশ্রম এই গণতান্ত্রিক প্রক্রিয়াকে সফল করেছে।”
জনগণের এই রায়কে পবিত্র আমানত হিসেবে উল্লেখ করে তিনি অঙ্গীকার করেন যে, এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে তিনি দল-মত নির্বিশেষে সকলকে সঙ্গে নিয়ে কাজ করবেন। আগামী দিনে ঢাকা-১৮ আসনকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।




