মাহফিলের অতিথি করা নিয়ে বিএনপির দুপক্ষের দ্বন্দ্ব: রাজশাহীতে কর্মী নিহত

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর চারঘাটে ওয়াজ মাহফিলের প্রধান অতিথি নির্ধারণ নিয়ে বিএনপির দুই গ্রুপের বিরোধের জেরে এরশাদ আলী (৬০) নামে এক সক্রিয় কর্মী নিহত হয়েছেন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাতে তারাবির নামাজ শেষে বাড়ি ফেরার পথে তাকে পিটিয়ে হত্যা করা হয়।

নিহত এরশাদ আলী ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী। এছাড়া তিনি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী।

স্থানীয় সূত্রে জানান, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) জুম্মার নামাজের পর স্থানীয় একটি মসজিদে ওয়াজ মাহফিলের আয়োজন নিয়ে আলোচনায় বসেন এলাকাবাসী। আলোচনা চলাকালীন মাহফিলের প্রধান অতিথি করা নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়।

এক পক্ষ জেলা বিএনপি নেতা আনোয়ার হোসেন উজ্জ্বলকে প্রধান অতিথি করার প্রস্তাব দেয়। অন্যদিকে, এরশাদ আলীসহ অপর পক্ষ বর্তমান সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে প্রধান অতিথি করার দাবি জানান। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তীব্র বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কোনো সিদ্ধান্ত ছাড়াই আলোচনা পণ্ড হয়ে যায়।

নিহত এরশাদ আলীর পরিবারের সদস্যরা জানান, রাত ৯টার দিকে এরশাদ আলী তারাবিহর নামাজ শেষে বাড়িতে ফিরছিলেন। এ সময় আনোয়ার হোসেন উজ্জ্বলের কয়েকজন অনুসারী তার পথ রোধ করেন। একপর্যায়ে গাছের ডাল ও লাঠি দিয়ে তাকে মারধর করা হয়। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। পরে তার লাশ বাড়ি নিয়ে যাওয়া হয়।

চারঘাট থানার উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ঘটনার পর থেকে অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে গেছে। এরশাদ আলীর মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় মামলা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button