

আন্তর্জাতিক ডেস্ক
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সরাসরি সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্য ছাড়ার হিড়িক পড়েছে মার্কিন নাগরিকদের মধ্যে। যুদ্ধের ভয়াবহতা বাড়ায় এখন পর্যন্ত ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক ওই অঞ্চল ছেড়ে যুক্তরাষ্ট্রে ফিরে গেছেন। পাশাপাশি চলমান এই যুদ্ধে এখন পর্যন্ত ১৫০ জন মার্কিন সেনা আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (১১ মার্চ) সংবাদ সংস্থা রয়টার্সের এক এক্সক্লুসিভ প্রতিবেদনে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের ফিরিয়ে আনতে দুই ডজনেরও বেশি বিশেষ চার্টার ফ্লাইট পরিচালনা করা হয়েছে। ফিরে আসা নাগরিকদের মধ্যে প্রায় ৩০ হাজার জনকে বিশেষ টাস্কফোর্সের মাধ্যমে সহায়তা দেওয়া হয়েছে।
অনেক নাগরিক চার্টার ফ্লাইটের অপেক্ষা না করে বাণিজ্যিক বিমানে নিজ উদ্যোগেই দেশে ফিরেছেন। চার্টার ফ্লাইটগুলোতে গড়ে ৪০ শতাংশের কম আসন পূর্ণ ছিল।
রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, যুদ্ধে এখন পর্যন্ত আটজন মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে সবচেয়ে বড় চমক ছিল আহত সেনার সংখ্যা নিয়ে।
পেন্টাগন এর আগে মাত্র ৮ জন সেনা গুরুতর আহত হওয়ার দাবি করলেও রয়টার্সের তথ্য প্রকাশের পর তারা নতুন বিবৃতি দিতে বাধ্য হয়।
পেন্টাগনের মুখপাত্র সিয়ান পারনেল জানান, আহত সেনার সংখ্যা প্রায় ১৪০ জন (রয়টার্সের মতে ১৫০ জন)।
তিনি আরও যোগ করেন, আহত ১০৮ জন সেনা প্রাথমিক চিকিৎসা শেষে এরই মধ্যে কর্মস্থলে যোগ দিয়েছেন। বাকি গুরুতর আহত ৮ জনকে উন্নত চিকিৎসা দেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে ক্রমবর্ধমান এই উত্তেজনা বিশ্ব রাজনীতির সমীকরণকে আরও জটিল করে তুলছে।




