

উপজেলা প্রতিনিধিকলাপাড়া (পটুয়াখালী)
কুয়াকাটা
পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে আবারও ভেসে এসেছে বিরল প্রজাতির একটি বিশাল আকৃতির মৃত কচ্ছপ।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ২টার দিকে সৈকতের পশ্চিম পাশে হোটেল সি-বিউ সংলগ্ন এলাকায় স্থানীয়রা কচ্ছপটির মরদেহ দেখতে পান। দীর্ঘ দিন পর সৈকতে এমন বড় আকৃতির কচ্ছপ আসায় উৎসুক জনতার ভিড় জমে।
উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের সদস্য আবদুল জলিল জানান, কচ্ছপটির ওজন আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি। চলতি বছরে কুয়াকাটা সৈকতে উদ্ধার হওয়া মৃত কচ্ছপগুলোর মধ্যে এটিই এখন পর্যন্ত সবচেয়ে বড়।
বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশনের (বিবিসিএফ) সহ-সাংগঠনিক সম্পাদক কে এম বাচ্চু জানান, ভেসে আসা কচ্ছপটি বিপন্ন প্রজাতির ‘অলিভ রিডলি’ (Lepidochelys olivacea)। এটি একটি পুরুষ কচ্ছপ বলে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, কচ্ছপটির শরীরে আঘাতের চিহ্ন থাকতে পারে। প্রায়ই জেলেদের জালে আটকা পড়ে বা সামুদ্রিক যানের আঘাতে এসব কচ্ছপ মারা যায়। এর প্রকৃত কারণ উদঘাটনে বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।
বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান জানান, বিষয়টি তারা গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছেন। সৈকতে যাতে দুর্গন্ধ না ছড়ায়, সেজন্য কচ্ছপটিকে দ্রুত মাটিচাপা দেওয়ার ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলেদের অসচেতনতা বা অন্য কোনো কারণে এই মৃত্যু কি না, তা তদন্ত করে দেখা হবে।




