গাজীপুর মহানগরে চার মেট্রো থানার মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটি ঘোষণা

জেলা প্রতিনিধি, মোঃ পাপেল মিয়া: গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের উদ্যোগে মহানগরীর চারটি মেট্রো থানার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে টঙ্গীর হায়দরাবাদ এলাকায় দলের মহানগর কার্যালয়ের সামনে এই উপলক্ষে একটি বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোঃ আবুল কাশেম খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব মোঃ নজরুল ইসলাম, প্রথম যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান এবং মহানগর কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মৎস্যজীবী দলের নেতাকর্মীরা সবসময় জনগণের অধিকার আদায় ও সংগঠনের গতিশীলতা বৃদ্ধিতে নিয়োজিত। তারা আশাবাদ প্রকাশ করেন যে, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলো গাজীপুর মহানগরে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করবে।

পরবর্তীতে গাজীপুর সদর, টঙ্গী পূর্ব, টঙ্গী পশ্চিম ও পূবাইল মেট্রো থানার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণার পর নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক ও সদস্য সচিবসহ উপস্থিত অন্যান্য নেতারা। নবগঠিত কমিটির নেতারা সংগঠনের প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন এবং দলের প্রতি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেন।

এই অনুষ্ঠানে টঙ্গী পূর্ব থানা মৎস্যজীবী দলের নবগঠিত আহ্বায়ক কাজী হাসান ও সদস্য সচিব মিলন সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তারা বলেন, “মৎস্যজীবী সমাজের কল্যাণে, সংগঠনের শক্তি বৃদ্ধিতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা একযোগে কাজ করব।”

অনুষ্ঠানে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও শ্লোগানে পুরো প্রাঙ্গণকে মুখরিত করে তোলে। আলোচনা সভা শেষে নবনির্বাচিত কমিটির সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে তাদের দায়িত্ব পালনে শুভকামনা জানানো হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button