কাশিপুর থানার ওসির মানবিক উদ্যোগে নিখোঁজ বৃদ্ধা পরিবারের কাছে হস্তান্তর

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুর মেট্রোপলিটন কাশিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা খালিদ হোসেনের এক অনন্য মানবিক উদ্যোগে ৮৫ বছর বয়সী এক নিখোঁজ বৃদ্ধা ফিরে পেয়েছেন তাঁর পরিবারকে।

শুক্রবার বিকেলে যথাযথ প্রক্রিয়া শেষে ওই বৃদ্ধাকে তাঁর বড় সন্তানের কাছে হস্তান্তর করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ওই বৃদ্ধা গত দুইদিন ধরে নিখোঁজ ছিলেন। বার্ধক্যজনিত কারণে পথ হারিয়ে ফেলায় তিনি আর বাড়ি ফিরতে পারছিলেন না। দীর্ঘ সময় তাঁর কোনো সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছিল।

বিষয়টি কাশিপুর থানার নজরে আসার পর দ্রুত পদক্ষেপ নেন অফিসার ইনচার্জ মোল্লা খালিদ হোসেন। তাঁর নির্দেশে বিশেষ পুলিশিং তৎপরতার মাধ্যমে বৃদ্ধার অবস্থান শনাক্ত করে তাঁকে উদ্ধার করা হয়। এরপর প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে তাঁকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়।

হারিয়ে যাওয়া স্বজনকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাঁরা কাশিপুর থানা পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। বৃদ্ধার বড় ছেলে বলেন, “আমরা আশা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু পুলিশের সহযোগিতায় আজ মাকে ফিরে পেলাম। ওসির এই ঋণ ভোলার নয়।”

স্থানীয়রা জানান, ওসি মোল্লা খালিদ হোসেন যোগদানের পর থেকেই বিভিন্ন মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করেছেন। তাঁর এই সময়োপযোগী উদ্যোগটি সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এলাকাবাসীর মতে, পুলিশের এমন মানবিক আচরণ জনগণের সাথে প্রশাসনের সেতুবন্ধন আরও দৃঢ় করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button