টঙ্গীতে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় টঙ্গীর আমজাদ আলী সরকার পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি এবং বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা রনজিৎ কুমার কর্মকার এবং বীর মুক্তিযোদ্ধা জিন্নাত সুলতানা আখি।

স্মরণ সভায় বক্তারা ডা. জাফরুল্লাহ চৌধুরীর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। দেশের স্বাস্থ্যখাতে তাঁর অসামান্য অবদান এবং সাধারণ মানুষের জন্য সুলভে চিকিৎসাসেবা নিশ্চিত করার লড়াইয়ের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক ও সাংবাদিক কলিমুল্লাহ ইকবালের উপস্থিতিতে অনুষ্ঠানে আরও অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা শেষে ডা. জাফরুল্লাহ চৌধুরীর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। সংবাদটি সংগ্রহে সহযোগিতা করেছেন মোঃ নুরুজ্জামান শেখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button