দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭

জেলা প্রতিনিধি, কুমিল্লা :  কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে সাতজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। মঙ্গলবার (১৪ এপ্রিল) ভোররাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার হাসানপুর তাসফিন পাম্পের বিপরীত পাশে চট্টগ্রামমুখী লেনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা সবাই উত্তরবঙ্গের বাসিন্দা এবং ট্রাকের উপরে থাকা শ্রমিক বলে জানা গেছে। তারা হলেন— দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার আফজাল হোসেন (৩৫), সোহরাব হোসেন (৪০), সালেক (৪৫), বিরামপুর উপজেলার ভাইঘর এলাকার সুমন (২১), বিষ্ণু (৩৫), আবু হোসেন (৩০) এবং আব্দুর রশিদ (৫৫)।

হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, দিনাজপুর থেকে চালবোঝাই ট্রাকটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ভোররাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার হাসানপুর এলাকায় পৌঁছালে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা ১৩ জন যাত্রী চালের বস্তার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয় এবং বাকি ছয়জন গুরুতর আহত হন।

দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

দাউদকান্দি ফায়ার সার্ভিসের কর্মী আল আমিন জানান, হতাহতরা সবাই ট্রাকের উপরে বসে যাতায়াত করছিলেন। ট্রাকটি উল্টে যাওয়ায় তারা চালের বস্তার নিচে চাপা পড়েন, যা মৃত্যুর মূল কারণ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button