

নিজস্ব প্রতিবেদক | ঢাকা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে দলীয় মনোনয়ন ফরম জমা প্রদানকারী প্রার্থীদের সাক্ষাৎকারের সময়সূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ১৭ ও ১৮ এপ্রিল দুই দফায় এই সাক্ষাৎকার গ্রহণ করা হবে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ কার্যালয়ে নির্ধারিত সূচি অনুযায়ী বিভাগওয়ারী প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে: শুক্রবার (১৭ এপ্রিল), বেলা ৩টা: রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ফরিদপুর বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা। শনিবার (১৮ এপ্রিল), বেলা ৩টা: ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ, কুমিল্লা বিভাগ, সিলেট বিভাগ ও ময়মনসিংহ বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা।
উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করে সরকার গঠন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় এবার সংরক্ষিত নারী আসনের জন্য যোগ্য প্রার্থীদের যাচাই-বাছাই করতে এই সাক্ষাৎকারের আয়োজন করা হয়েছে। যারা ইতোমধ্যে দলীয় মনোনয়ন ফরম পূরণ করে জমা দিয়েছেন, কেবল তারাই এই সাক্ষাৎকারে অংশ নেওয়ার সুযোগ পাবেন।




