স্বাধীনতা পুরস্কার ২০২৬ প্রদান: সর্বোচ্চ সম্মাননায় ভূষিত খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক | ঢাকা: জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি এবং পাঁচটি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করেছে সরকার।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে মনোনীতদের হাতে পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে’ অসামান্য অবদানের জন্য মরণোত্তর এই সম্মাননা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর হাত থেকে দাদির পক্ষে এই সম্মাননা গ্রহণ করেন তার নাতনি জাইমা রহমান

বেগম খালেদা জিয়াসহ এ বছর মোট সাতজনকে মরণোত্তর পদক প্রদান করা হয়। তারা হলেন: মুক্তিযুদ্ধ: মেজর মোহাম্মদ আবদুল জলিল। সাহিত্য: ড. আশরাফ সিদ্দিকী। সমাজসেবা: ডা. জাফরুল্লাহ চৌধুরী (গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা) এবং মাহেরীন চৌধুরী (মাইলস্টোন স্কুলের শিক্ষক)। সংস্কৃতি: প্রখ্যাত সংগীতশিল্পী বশীর আহমেদ। জনপ্রশাসন: কাজী ফজলুর রহমান।

বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আরও আটজন বিশিষ্ট ব্যক্তি এই পদক পেয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তি: অধ্যাপক জহুরুল করিম। সংস্কৃতি: এ কে এম হানিফ (হানিফ সংকেত), উপস্থাপক, ‘ইত্যাদি’। ক্রীড়া: জোবেরা রহমান লিনু (টেবিল টেনিস কিংবদন্তি)। সমাজসেবা: মো. সাইদুল হক। গবেষণা ও প্রশিক্ষণ: মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম এবং অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।পরিবেশ সংরক্ষণ: আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু), চেয়ারম্যান, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন।

এবার স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হয়েছে পাঁচটি প্রতিষ্ঠান: ১. ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য)। ২. ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসাবিদ্যায়)। ৩. পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (পল্লী উন্নয়নে)। ৪. এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (সমাজসেবায়)। ৫. গণস্বাস্থ্য কেন্দ্র (সমাজসেবায়)।

মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান এবং খালেদা জিয়ার বোন সেলিমা ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদসহ মন্ত্রিসভার সদস্যবৃন্দ, সংসদ সদস্য, বিচারপতি এবং তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

উল্লেখ্য, গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ চলতি বছরের এই পুরস্কারের জন্য মনোনীতদের নাম ঘোষণা করেছিল। আজ আনুষ্ঠানিক পদক প্রদানের মাধ্যমে তাদের রাষ্ট্রীয় সর্বোচ্চ মর্যাদায় অভিষিক্ত করা হলো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button