

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: হজ ফ্লাইট-২০২৬ এর শুভ উদ্বোধন উপলক্ষে সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণের লক্ষ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মিজ আফরোজা খানম, এমপি এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত ৮টা ৩০ মিনিটে তারা বিমানবন্দরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে প্রস্তুতি বিষয়ে মতবিনিময় করেন।
পরিদর্শনকালে হজ ফ্লাইট পরিচালনা ও যাত্রীসেবার প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন মন্ত্রী ও প্রতিমন্ত্রী।
মন্ত্রী মিজ আফরোজা খানম বলেন, “হজযাত্রীদের যেকোনো প্রয়োজনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে এগিয়ে আসতে হবে।” তিনি হজ ক্যাম্পের সার্বিক ব্যবস্থাপনা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, “হজযাত্রাকে সহজ, নিরাপদ ও সুশৃঙ্খল করা আমাদের পবিত্র দায়িত্ব।” তিনি কর্মকর্তাদের হজযাত্রী ব্যবস্থাপনায় সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশ প্রদান করেন।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক। মন্ত্রণালয় ও বেবিচকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য, এ বছর বাংলাদেশ থেকে হজের উদ্বোধনী ফ্লাইটটি শুক্রবার দিবাগত রাত ১২:২০ মিনিটে (অর্থাৎ ১৭ এপ্রিল ভোরে) ৪১৯ জন হজযাত্রী নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।




