ভয় দেখিয়ে লাভ নেই, বাধা এলেই প্রতিরোধের ঘোষণা জামায়াতের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে সারাদেশে নারী কর্মীদের ওপর হামলা ও গভীর ষড়যন্ত্রের অভিযোগ তুলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা উইং। তারা স্পষ্ট জানিয়েছে, কোনো বাধাই নারী ভোটারদের দমাতে পারবে না এবং যেখানে বাধা আসবে, সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে।

আজ রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে স্মারকলিপি প্রদান শেষে সাংবাদিকদের এসব কথা বলেন জামায়াতের মহিলা বিভাগের প্রতিনিধি দলের সদস্যরা।

প্রতিনিধি দলে ছিলেন জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি জেনারেল নেসা সিদ্দিকা, সহকারী সেক্রেটারি সাইদা রহমান এবং রাজনৈতিক বিষয়ক দায়িত্বপ্রাপ্ত ডা. হাবিবা চৌধুরী। বৈঠক শেষে ডা. হাবিবা চৌধুরী জানান, দেশের ১৫টি স্থানে নারীদের ওপর হামলার সচিত্র নথিপত্র তারা নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

তিনি বলেন, “দেশের মোট ভোটারের অর্ধেক নারী। গত ১৫-১৬ বছর মা-বোনেরা ভোট দিতে পারেননি। এবার সেই সুযোগ নষ্ট করতে একটি মহল ষড়যন্ত্র করছে। তবে আমাদের ভয় দেখিয়ে লাভ নেই। নারীরা অবলা নয়, আমরা সাহসী।”

শীর্ষ পদে নারী নেতৃত্বের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মহিলা বিভাগের সেক্রেটারি নেসা সিদ্দিকা বলেন, “জামায়াতে ইসলামী কোরআনের বিধান মেনে চলে। আমাদের কাছে শীর্ষ পদে নারী আসা মুখ্য নয়, বরং নারীর অধিকার নিশ্চিত হচ্ছে কি না সেটিই বড় বিষয়। গত ৫৪ বছরে দেশে দুজন নারী প্রধানমন্ত্রী থাকলেও নারীদের নিরাপত্তা কতটা বেড়েছে, তা প্রশ্নসাপেক্ষ। আমরা মানবিক নেতৃত্ব চাই।” তিনি আরও উল্লেখ করেন, জামায়াতের মজলিসে শুরার উপদেষ্টা কমিটিতে প্রায় ৪৩ শতাংশ নারী প্রতিনিধি রয়েছেন।

প্রতিনিধি দলটি অভিযোগ করেন যে, মাঠ পর্যায়ে এখনো ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত হয়নি। প্রশাসন ও ইসিকে নিরপেক্ষ থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, কোনো নির্দিষ্ট দলের দিকে হেলে পড়লে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এসময় তারা শরিফ ওসমান হাদি ও রেজাউল করিম হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে নিরাপত্তার দাবি জানান।

বিএনপির পক্ষ থেকে করা বিভিন্ন অভিযোগকে ‘ভীতু মানসিকতার লক্ষণ’ হিসেবে অভিহিত করে জামায়াত নেত্রীরা দাবি করেন, জামায়াতের প্রতি জনগণের অভূতপূর্ব সমর্থন দেখে একটি পক্ষ অস্থির হয়ে অবান্তর কথা বলছে।

নির্বাচন কমিশন থেকে অভিযোগগুলো গুরুত্বসহকারে শোনার এবং পজিটিভ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে প্রতিনিধি দলটি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button