জাহাজের মাস্টারের ওপর ক্ষোভ থেকেই মেঘনায় চাঞ্চল্যকর সাত খুন

নিজেস্ব প্রতিবেদক:  মেঘনা নদীতে জাহাজে সাত খুনের চাঞ্চল্যকর ঘটনায় গ্রেফতার জাহাজের কর্মচারী আকাশ মণ্ডল ওরফে ইরফানই সবকটি হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আকাশ মণ্ডল ইরফান জানিয়েছেন, জাহাজের মাস্টারের ওপর থাকা ক্ষোভের কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন তিনি।

বুধবার কুমিল্লা র‍্যাব ১১-এর মেজর সাকিব হোসেন সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।

সোমবার চাঁদপুরে হাইমচরের মাঝিরচর এলাকায় এমভি-আল বাখেরা নামক সারবাহী একটি জাহাজে সাত খুনের ওই ঘটনা প্রকাশ পেলে সেটি ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

প্রথম ২৪ ঘণ্টার মধ্যে ঘটনার কারণ বা সূত্র না পাওয়ায় এ হত্যাকাণ্ড নিয়ে বেশ ধোঁয়াশা সৃষ্টি হয়।

এর অন্যতম কারণ সারবাহী জাহাজটি থেকে কিছু খোয়া যায়নি- বলে জানিয়েছিল আইনশৃঙ্খলা বাহিনী।

ফলে ঠিক কী উদ্দেশ্যে এ হত্যাকাণ্ড ঘটনা হয়েছে তা আন্দাজ করা যায়নি।

ওই ঘটনায় গুরুতর আহত অবস্থায় আরো একজন এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে, এ ঘটনায় মঙ্গলবার রাতে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং বাগেরহাটের চিতলমারী এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফান নামে একজনকে গ্রেফতার করে র‍্যাব।

র‍্যাব জানিয়েছে, আকাশ মণ্ডল ওই জাহাজে একজন লস্কর হিসাবে চাকরি করতেন।

আকাশ মণ্ডলের দেয়া তথ্যের বরাত দিয়ে মেজর সাকিব হোসেন জানিয়েছেন, “জাহাজের মাস্টারের ওপর ‘পূর্ব ক্ষোভের কারণেই’ খাবারের সাথে ‘চেতনানাশক ওষুধ খাইয়ে’ এ হত্যাকাণ্ড ঘটানো হয়।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button