টঙ্গীতে স্ত্রীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ, আটক স্বামী

মোঃ পাপেল মিয়া।গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর নতুন বাজার ব্যাংকমাঠ বস্তি এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে তার স্বামী সাইদুল ইসলামের বিরুদ্ধে। গত ৯ মে রাতে সংঘটিত এই ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ মে রাত আনুমানিক ১১টা থেকে ১১:৩০ মিনিটের দিকে সাইদুল ইসলামের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। একপর্যায়ে সাইদুল ঘরের সামনেই স্ত্রীর শরীরে প্রায় ৩ লিটার পেট্রোল ঢেলে দেন। এরপর তার হাতে থাকা জ্বলন্ত সিগারেটের আগুন থেকে মুহূর্তেই ওই নারীর শরীরে আগুন ধরে যায়। এতে তার শরীরের এক পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।

প্রতিবেশীরা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং দগ্ধ গৃহবধূকে উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়।

এলাকাবাসীর অভিযোগ, অভিযুক্ত সাইদুল ইসলাম কালীগঞ্জ এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তিনি মোটরসাইকেলে ‘সাংবাদিক’ স্টিকার লাগিয়ে রাতে ছিনতাই করতেন বলেও স্থানীয়রা দাবি করেছেন।

এছাড়া সাইদুলের বাবা বাচ্চু মিয়ার বিরুদ্ধে টঙ্গী রেলওয়ে স্টেশনের ফুটপাত দখল করে দোকান ভাড়া দেওয়া এবং মাদক ব্যবসার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, এই পরিবারের প্রায় প্রতিটি সদস্যের নামেই টঙ্গী পূর্ব থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক ও ছিনতাই মামলা রয়েছে।

ঘটনার পর স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত সাইদুল ইসলামকে আটক করে। তবে এই বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রেস ব্রিফিং বা বক্তব্য পাওয়া যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button