‘দেশ পুনর্গঠনই হোক আমাদের প্রতিজ্ঞা, আমরা কাজে বিশ্বাসী, কথায় নয়’ : প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদপুরে খাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধনকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ পুনর্গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “আজ থেকে আমাদের একটাই কাজ—দেশ গঠন ও রাষ্ট্র পুনর্গঠন। এটাই হোক আমাদের প্রতিজ্ঞা। আমরা শুধু স্বপ্ন দেখতে চাই না, বাস্তবমুখী পরিকল্পনা নিয়ে দেশের মানুষের ভাগ্যবদল করতে চাই।”

শনিবার (১৬ মে) দুপুরে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজারে ‘খোর্দ্দ খাল’ পুনর্খনন কর্মসূচির ফলক উন্মোচন ও মাটি কেটে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে তিনি সেখানে একটি বৃক্ষরোপণও করেন।

উদ্বোধন শেষে আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কথায় নয়, কাজে বিশ্বাসী। জনগণই আমাদের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। আপনাদের সমর্থন ও শক্তি নিয়েই দেশ গড়ার এই কাজ চলমান থাকবে।” তিনি আরও জানান, কৃষকদের ভাগ্যোন্নয়ন, খাদ্য সংকট নিরসন এবং অর্থনীতিতে বড় বিপ্লব ঘটাতে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।

নির্বাচনী প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, “আপনারা আমাদের ক্ষমতায় এনেছেন। নির্বাচনের আগে আমরা জনগণকে যে সমস্ত ওয়াদা দিয়েছিলাম, তা একে একে বাস্তবায়ন শুরু হয়েছে। এরই মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড এবং খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে। পর্যায়ক্রমে বাকি সব প্রতিশ্রুতিও পূরণ করা হবে।”

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগের কথা স্মরণ করে তিনি বলেন, “৪৮ বছর আগে ১৯৭৮ সালে এই খোর্দ্দ খালটি প্রথম খনন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজ দীর্ঘ ৪২ বছর পর তাঁর দেখানো পথেই এই খাল পুনর্খননের কাজ শুরু হলো।” ১৩.৫ কিলোমিটার দীর্ঘ এই খালটি ডাকাতিয়া নদীর সাথে যুক্ত, যা একসময় এলাকার কৃষিতে সোনালী ফসল ফলাতে ভূমিকা রেখেছিল। এটি আবার চালু হওয়ায় স্থানীয় কৃষকদের মাঝে নতুন আশার সঞ্চার হয়েছে।

বক্তব্যের শেষে দেশ গড়ার প্রত্যয়ে প্রধানমন্ত্রী নতুন স্লোগান দেন—“আমরা করবো কাজ, সবার আগে বাংলাদেশ।”

চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে এই সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button