ধামরাইয়ে ১০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক

মো: ইমন হোসেন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন কথিত মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১ জুন) ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিবি সূত্রে জানা যায়, রোববার গভীর রাতে ধামরাই পৌরসভার কুমড়াইল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোবারক হোসেন (২৭), ইমরান (২৯) ও রিপন (২৬) নামে তিনজনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের সবার বাড়ি কুমড়াইল এলাকায়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন ডিবি (উত্তর)-এর উপ-পরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া।

ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি-উত্তর) ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের আদালতে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button