
আন্তর্জাতিক ডেস্ক: লেবানন ও ইসরায়েল একটি যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় (স্টেট ডিপার্টমেন্ট)। এক বিবৃতিতে ওয়াশিংটন এই তথ্য নিশ্চিত করেছে।
অবশ্য এই চুক্তিটি কার্যকর হওয়া সম্পূর্ণভাবে কিছু শর্তের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম প্রধান শর্ত হলো— ইরানসমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে ইসরায়েলে সব ধরনের হামলা পুরোপুরি বন্ধ করতে হবে।
গত এপ্রিল মাসে দুই পক্ষের মধ্যে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে বুধবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৯ জন নিহত হওয়া এবং এর জবাবে উত্তর ইসরায়েলে হিজবুল্লাহর রকেট হামলার পর নতুন করে এই যুদ্ধবিরতির ঘোষণা এলো। ওসব হামলার ঘটনায় আগের চুক্তিটি চরম হুমকির মুখে পড়েছিল।
বিবৃতিতে বলা হয়েছে, সব দেশই এই বিষয়ে একমত হয়েছে যে, ইসরায়েল ও লেবাননের মধ্যকার সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা এই দুটি সার্বভৌম সরকারকেই নির্ধারণ করতে হবে। লেবাননের ভবিষ্যৎকে জিম্মি করার জন্য কোনো রাষ্ট্র বা অ-রাষ্ট্রীয় শক্তির (নন-স্টেট অ্যাক্টর) যেকোনো ধরনের প্রচেষ্টা তারা প্রত্যাখ্যান করেছে।
চুক্তিটির আরেকটি বড় শর্ত হলো, দক্ষিণ লেবাননের লিতানি নদী থেকে শুরু করে ইসরায়েল সীমান্ত পর্যন্ত নিয়ন্ত্রিত এলাকা থেকে হিজবুল্লাহর সব সদস্য ও অপারেটিভদের প্রত্যাহার করতে হবে।
বিবৃতিতে আরও জানানো হয়, লেবাননে কিছু ‘পাইলট জোন’ বা পরীক্ষামূলক এলাকা তৈরিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এসব এলাকায় অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর উপস্থিতি থাকবে না এবং পুরো অঞ্চলের একক ও একচ্ছত্র নিয়ন্ত্রণ থাকবে লেবাননের সশস্ত্র বাহিনীর (এলএএফ) হাতে।
গত সোমবার দুই পক্ষের মধ্যে হওয়া একটি আংশিক যুদ্ধবিরতির পর নতুন এই ঘোষণাটি এলো। ওই চুক্তি অনুযায়ী লেবানন জানিয়েছিল, হিজবুল্লাহ ইসরায়েলে হামলা চালানো থেকে বিরত থাকবে এবং এর বিনিময়ে ইসরায়েলও বৈরুতে বোমাবর্ষণ বন্ধ রাখবে।




