

জেলা প্রতিনিধি, নরসিংদী | ২৪ ডিসেম্বর ২০২৫
নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বালুয়াঘাট বাজার এলাকার ব্রিজটি এখন চারটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের কাছে মূর্তমান আতঙ্কে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় জরাজীর্ণ এই ব্রিজটি দিয়ে প্রতিদিন চরম জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন নজরপুর, করিমপুর, আলোকবালী ও চরদিঘলদী ইউনিয়নের বাসিন্দারা।
সরেজমিন চিত্র: সরেজমিনে বালুয়াঘাট এলাকায় গিয়ে দেখা যায় ব্রিজটির কঙ্কালসার দশা। দুই পাশের রেলিং অনেক আগেই ভেঙে পড়েছে। পাটাতনের বিভিন্ন অংশে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং পলেস্তারা খসে রড বেরিয়ে এসেছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজের ওপর দিয়ে কোনো হালকা যানবাহন চলাচল করলেও পুরো কাঠামোটি ভূমিকম্পের মতো কাঁপতে শুরু করে।
বিপাকে শিক্ষার্থী ও চালকরা: ব্রিজের ঠিক পাশেই একটি মাদরাসা থাকায় কোমলমতি শিক্ষার্থীদের প্রতিদিন এই বিপজ্জনক পথ পাড়ি দিতে হচ্ছে। বিকল্প কোনো রাস্তা না থাকায় প্রতিদিন কয়েক হাজার যানবাহন এই নড়বড়ে ব্রিজের ওপর দিয়েই চলাচল করে। অটোরিকশা চালক কামাল বলেন, “গাড়ি নিয়া যখন ব্রিজে উঠি, মনে হয় এই বুঝি ভাইঙা পড়ল। জীবন হাতে নিয়া প্রতিদিন গাড়ি চালাই।”
বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা: স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে জানান, এই ব্রিজটি ভেঙে গেলে চারটি ইউনিয়ন জেলা শহর থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। তারা বারবার দাবি জানালেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
কর্তৃপক্ষের বক্তব্য: যোগাযোগ করা হলে নরসিংদী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাই রাব্বি বলেন, “ব্রিজটির জরাজীর্ণ অবস্থা সম্পর্কে আমরা অবগত আছি। এটি সংস্কারের জন্য দরপত্র অনুমোদনের আবেদন ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত কাজ শুরু করা হবে।”
তবে এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, কেবল জোড়াতালির সংস্কার নয়, বরং জননিরাপত্তার স্বার্থে এখানে একটি টেকসই ও নতুন ব্রিজ নির্মাণ করা জরুরি। দ্রুত ব্যবস্থা না নিলে যেকোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।



