রাষ্ট্রীয় শোক ও ডিএমপির নিষেধাজ্ঞা উপেক্ষা: আতশবাজি-পটকার শব্দে কাঁপল রাজধানী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।  ১ জানুয়ারি ২০২৬

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালনের মধ্যেই ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিষেধাজ্ঞা অমান্য করে থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেছে নগরবাসীর একটি অংশ। ঘড়ির কাঁটা রাত ১২টা ছুঁতেই রাজধানীর আকাশ ছেয়ে যায় আতশবাজির আলোয়, আর বিকট শব্দে ফাটানো হয় পটকা।

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার (৩১ ডিসেম্বর) থেকে রাষ্ট্রীয় শোক শুরু হয়েছে। এই শোককালীন গাম্ভীর্য বজায় রাখতে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী এক গণবিজ্ঞপ্তিতে ঢাকা মহানগর এলাকায় আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ওড়ানো এবং সব ধরনের উন্মুক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান বা ডিজে পার্টির ওপর কঠোর নিষেধাজ্ঞা জারি করেছিলেন।

সরেজমিনে দেখা গেছে, রাত ১১টা থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় পটকা ফাটানো শুরু হয়। ১২টা বাজার সাথে সাথে তা উৎসবে রূপ নেয়। এতে অসুস্থ বৃদ্ধ ও শিশুদের মধ্যে আতঙ্ক এবং শারীরিক ঝুঁকি তৈরি হয় বলে অনেক নাগরিক বিরক্তি প্রকাশ করেছেন। তবে আগের বছরগুলোর তুলনায় ফানুস ওড়ানোর প্রবণতা এবার কিছুটা কম লক্ষ্য করা গেছে।

ডিএমপির পক্ষ থেকে উচ্চশব্দে হর্ন বাজানো বা জনদুর্ভোগ সৃষ্টি না করার নির্দেশ থাকলেও রাজধানীর অলিগলিতে সেই নির্দেশনা খুব একটা কার্যকর হতে দেখা যায়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button