

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় বালুভর্তি ট্রাকে পাচারের সময় বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও চশমা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১০ মার্চ) ভোরে উপজেলার নোয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয়।
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, জব্দকৃত জিরা ও চশমার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ৫৫ লাখ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে মাধবপুর উপজেলার সীমান্তবর্তী নোয়াহাটি এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ দল। ভোর ৪টার দিকে একটি বালুভর্তি সন্দেহভাজন ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। ট্রাকটি তল্লাশি করার একপর্যায়ে বালুর নিচে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ ভারতীয় জিরা এবং বিভিন্ন ডিজাইনের চশমা উদ্ধার করা হয়।
জব্দকৃত এসব মালামাল বর্তমানে কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি জানিয়েছে। চোরাচালান রোধে সীমান্তবর্তী এলাকায় বিজিবির এমন সতর্ক অবস্থান ও অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।




