দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে বাস: বহু হতাহতের শঙ্কা

জেলা প্রতিনিধি (রাজবাড়ী): রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বুধবার (২৫ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে ৩নং পন্টুনে ফেরিতে ওঠার সময় ‘সৌহার্দ্য পরিবহন’ নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়। এতে বহু যাত্রী হতাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি পন্টুন দিয়ে ফেরিতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারালে মুহূর্তের মধ্যে সেটি নদীতে তলিয়ে যায়। দুর্ঘটনার পরপরই বেশ কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হলেও বাসের ভেতরে থাকা অধিকাংশ যাত্রীই নিখোঁজ রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার পর পরই স্থানীয়রা উদ্ধারে এগিয়ে আসেন এবং বর্তমানে ঘাটে শত শত মানুষের ভিড় জমেছে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। রাজবাড়ী ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “সৌহার্দ্য পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় পন্টুন থেকে ছিটকে নদীতে পড়ে যায়। উদ্ধার কাজ চালানোর জন্য পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ডুবুরি দলকে তলব করা হয়েছে। তারা পৌঁছালে পুরোদমে তল্লাশি শুরু হবে।”

নদীতে প্রচণ্ড স্রোত থাকায় উদ্ধার তৎপরতা ব্যাহত হওয়ার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের স্বজনদের আহাজারিতে বর্তমানে দৌলতদিয়া ঘাট এলাকার বাতাস ভারী হয়ে উঠেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত বাসটি উদ্ধারে ফায়ার সার্ভিসের পাশাপাশি স্থানীয়রাও সহযোগিতা করছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button