শনিবার থেকে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিকের আশা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: পেট্রলপাম্পগুলোতে জ্বালানি তেলের জন্য গ্রাহকদের চলমান উপচে পড়া ভিড় ও সাময়িক অস্থিরতা কেটে যাওয়ার আভাস পাওয়া গেছে। বাংলাদেশ পেট্রলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন আশা প্রকাশ করেছে যে, আগামীকাল শনিবার (২৮ মার্চ) থেকেই সারা দেশে জ্বালানি তেলের সরবরাহ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।

শুক্রবার (২৭ মার্চ) এক বার্তায় সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি জানান, বর্তমানে পাম্পগুলোতে জ্বালানি সংগ্রহের জন্য যে ভিড় লক্ষ করা যাচ্ছে, তা অনভিপ্রেত এবং আতঙ্কিত হওয়ার কিছু নেই।

সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল জানান, মার্চ মাসে অধিক মাত্রায় সরকারি ছুটি থাকায় জ্বালানি তেলের ধারাবাহিক সরবরাহ প্রক্রিয়া কিছুটা ব্যাহত হয়েছে। এর ফলে দেশের বেশ কিছু জায়গায় পাম্প সাময়িকভাবে তেলশূন্য হয়ে পড়েছিল।

তিনি গ্রাহকদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়ে বলেন: “প্রয়োজনের অতিরিক্ত তেল কিনবেন না এবং পাম্পে অযথা ভিড় করবেন না। আমার ৫০ বছরের ব্যবসায়িক জীবনে এমন পরিস্থিতি কখনো দেখিনি। এই অবস্থা সামলাতে সাধারণ গ্রাহকদের অবশ্যই সংযত হতে হবে।”

তিনি আরও সতর্ক করে বলেন, বারবার অনুরোধ করার পরও যদি গ্রাহকরা সংযত না হন, তবে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে পারে, যা কারও জন্যই মঙ্গলজনক হবে না। আগামীকাল থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে তিনি দৃঢ় আশা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button