আমিরাতের প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ: প্রধানমন্ত্রীর ব্যক্তিগত পত্র হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক,ঢাকা: সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান-কে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান-এর সঙ্গে সাক্ষাৎ করে প্রধানমন্ত্রীর এই সংক্রান্ত একটি ব্যক্তিগত পত্র হস্তান্তর করেন।

পত্রে প্রধানমন্ত্রী চলমান সংঘাতপূর্ণ পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতের সরকার ও জনগণের প্রতি বাংলাদেশের দৃঢ় সংহতি প্রকাশ করেছেন। আমিরাতে সাম্প্রতিক হামলা ও প্রাণহানির ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বিপুল সংখ্যক বাংলাদেশি প্রবাসীর নিরাপত্তা ও কল্যাণে দেশটির সরকারের গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী আন্তরিক কৃতজ্ঞতা জানান।

বৈঠকে আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী চলমান যুদ্ধে ইরানি হামলায় দুইজন বাংলাদেশি নিহতের ঘটনায় গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আশ্বস্ত করেন যে, তাঁর সরকার দেশটিতে অবস্থানরত সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।

প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে হুমায়ুন কবির বর্তমানে উপসাগরীয় অঞ্চলের দেশগুলো সফর করছেন। বৈঠকে তিনি সংলাপ ও কূটনৈতিক উপায়ে বিরোধ নিষ্পত্তির ওপর গুরুত্বারোপ করেন।

এই আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button