

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উদ্বোধনী ফ্লাইটে গিয়ে প্রধানমন্ত্রী সরাসরি হজযাত্রীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের কাছে দেশ ও জাতির কল্যাণে দোয়া প্রার্থনা করেন। প্রধানমন্ত্রী বলেন, “আপনারা প্রত্যেকে আল্লাহর মেহমান।
আপনাদের যাদের আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক হয়েছে, তারা যদি হাত তুলে দোয়া করেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করবেন।”
তিনি আরও বলেন, “আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তৌফিক দেন, আমাদের সামনে যত সমস্যা-বিপদ আছে, সেগুলো যেন আমরা মোকাবিলা করতে পারি। দেশের মানুষের জন্য নেওয়া উদ্যোগগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি।”
হজ ব্যবস্থাপনার বিষয়ে প্রধানমন্ত্রী জানান, বর্তমান সরকার গঠনের আগেই অন্তর্বর্তী সরকারের সময়ে হজের বেশিরভাগ কাজ সম্পন্ন হয়েছিল। তা সত্ত্বেও বর্তমান সরকার হজের খরচ অন্তত ১২ হাজার টাকা কমানোর চেষ্টা করেছে। আগামী বছরগুলোতে হজের সুযোগ-সুবিধা আরও বাড়ানো এবং খরচ আরও কমিয়ে আনার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা), স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




