টঙ্গীতে বাবা-ছেলে হত্যাকাণ্ডে নতুন মোড়: বিয়ে নিয়ে বিরোধেই প্রাণ গেল দু’জনের

বড় ভাই আটক

মোঃ পাপেল মিয়া, গাজীপুর জেলা প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বাবা-ছেলে হত্যার চাঞ্চল্যকর ঘটনার রহস্য উদ্‌ঘাটন করেছে পুলিশ। মাদক সংক্রান্ত কোনো কারণে নয়, বরং বয়সে বড় খালাতো বোনকে বিয়ে করা নিয়ে পারিবারিক বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে নিশ্চিত করেছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র।

সোমবার (২৭ এপ্রিল) টঙ্গী পূর্ব থানা পুলিশ জানায়, বড় ভাই সাইফুর রহমান সোহান (২৭) তার বাবা ও ছোট ভাইকে হত্যার কথা স্বীকার করেছে। এর আগে রোববার ভোরে টঙ্গীর উত্তর দত্তপাড়া বনমালা এলাকা থেকে মো. সোহেল (৪৮) ও তার ছেলে সাকিবুর রহমান শোয়েবের (১৭) মরদেহ উদ্ধার করা হয়।

তদন্ত সূত্রে জানা যায়, একাদশ শ্রেণির শিক্ষার্থী ছোট ভাই শোয়েব তার চেয়ে ১০ বছরের বড় এক খালাতো বোনকে বিয়ে করার জেদ ধরে। বড় ভাই সোহান এবং বাবা সোহেল এতে তীব্র আপত্তি জানান। এই নিয়ে পরিবারের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। ঘটনার রাতে ক্ষোভের বশবর্তী হয়ে সোহান প্রথমে তার ছোট ভাই শোয়েবকে হত্যা করে। পরে কৌশলে বাবা সোহেলকেও মৃত্যুর মুখে ঠেলে দেয়। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে সোহান শুরুতে আত্মীয়দের কাছে মাদক সংক্রান্ত মিথ্যা গল্প প্রচার করেছিল।

তবে পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন সোহান নিজের অপরাধ স্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, সোহান একটি ওষুধ কারখানায় কর্মরত ছিল। নিহত সোহেলের বোন শিরিন সুলতানা বাদী হয়ে এই ঘটনায় মামলা দায়ের করেছেন।

টঙ্গী পূর্ব থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. জিল্লুর রহমান বলেন, “প্রাথমিকভাবে এটি পারিবারিক বিরোধজনিত হত্যাকাণ্ড বলে নিশ্চিত হওয়া গেছে। আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে এবং সে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button