পরমাণু অস্ত্র তৈরি করবে না, গ্যারান্টি দিয়েছে ইরান: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন গ্যারান্টি তেহরানের কাছ থেকে পেয়েছেন তিনি। গতকাল শনিবার (৩০ মে) এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর দাবি করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের সাক্ষাৎকারটি নিয়েছিলেন তার পুত্রবধূ লারা ট্রাম্প (ট্রাম্পের তৃতীয় সন্তান এরিক ট্রাম্পের স্ত্রী)। লারার নিজস্ব পডকাস্ট শো’তে অতিথি হিসেবে এসে ট্রাম্প এই মন্তব্য করেন, যা মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজে সম্প্রচারিত হয়েছে।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন: “ইরান কখনও পরমাণু অস্ত্র তৈরি করবে না— এমন একটি গ্যারান্টি আমি চাইছিলাম। চমৎকার ব্যাপার হলো, তারা এ ব্যাপারে রাজি হয়েছে।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই দাবি ঘিরে আন্তর্জাতিক মহলে শোরগোল পড়ে গেলেও ইরানের স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে এর ভিন্ন চিত্র দেখা গেছে। তেহরানের সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী:

ওয়াশিংটনের কাছে আটকে থাকা (ফ্রিজ করা) ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার অবমুক্ত করলেই কেবল যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে তেহরান।

ইরানের ৬০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের মজুত ধ্বংস করা হবে বলে ট্রাম্প প্রশাসন যে দাবি করেছে, তাকে সম্পূর্ণ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিয়েছে তেহরান।

ইরানের পরমাণু প্রকল্প ইস্যুতে দীর্ঘ প্রায় দু’যুগ ধরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তীব্র টানাপোড়েন চলছে। ওয়াশিংটনের দাবি— শান্তিপূর্ণ পরমাণু প্রকল্পের আড়ালে ইরান আসলে পরমাণু অস্ত্র তৈরি করছে; যদিও ইরান এই অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে এসেছে।

উল্লেখ্য, এই টানাপোড়েনের জেরে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিন ধরে রক্তক্ষয়ী সংঘাতের পর অবশেষে মার্কিন বাহিনীর সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণা করে ইরান। বর্তমানে সেই যুদ্ধবিরতি বলবৎ রয়েছে।

সূত্র: ফক্স নিউজ, ডন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button