
ভারতের লোকসভা নির্বাচনের সপ্তম দফায় ভোটগ্রহণের আগে ধ্যানে বসেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটগ্রহণ শেষে ধ্যান ভেঙেছেন তিনি। দুদিনে প্রায় ৪৫ ঘণ্টা ধ্যানের পর শনিবার দুপুরে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বের হয়ে আসেন নরেন্দ্র মোদি। শনিবার (০১ জুন) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
নরেন্দ্র মোদির ধ্যান শেষে বিবেকানন্দ রক মেমোরিয়াল থেকে বের হয়ে আসার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে মেমোরিয়াল থেকে বের হয়ে আসছেন মোদি। এ সময় তার সঙ্গে রয়েছেন নিরাপত্তারক্ষীরা।
ভিডিওতে দেখা যায়, মন্দির থেকে ধুতি-কুর্তা পরে বের হয়ে আসছেন। এ সময় তার গলায় রয়েছে লাল সাদা চাদর। এছাড়া পায়ে রয়েছে জুতা। তাকে ঘিরে রয়েছেন দুজন দেহরক্ষী। মন্দির থেকে বের হয়ে লঞ্চে সাগর পাড়ি দেন তিনি। শনিবার দুপুর ৩টা ১৫ মিনিটে এএনআই ভিডিওটি প্রকাশ করেছে।
এর আগে শনিবার নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) একটি ভিডিও প্রকাশ করে। এতে দেখো যায়, মোদির পরণে রয়েছে গেরুয়া ধুর্তি-কুর্তি। গলায় রয়েছে গাঢ় গেরুয়া রঙের উত্তরীয়। হাতে জপমালা নিয়ে মন্দিরে পায়চারি করছেন তিনি।
ভিডিওতে দেখা যায়, সূর্যোদয়ের সময় সূর্যকে অর্ঘ্য দিচ্ছেন মোদি। এছাড়া কখনও বেদির সামনে প্রণাম করছেন আবার কখনও জপ করছেন তিনি। বিবেকানন্দের বিগ্রহের পায়ে ফুল সাজাতেও দেখা গেছে ভারতের প্রধানমন্ত্রীকে। বিগ্রহের চারপাশে ঘুরে আবার ধ্যানে ব্সছেন তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় বিবেকানন্দ রক মেমোরিয়ালে ধ্যানে বসেছিলেন নরেন্দ্র মোদি। এ সময় কেবল তরল খাবার খেয়েছেন তিনি। এরআগে ২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর কেদারনাথে গিয়েছিলেন। এছাড়া ২০১৮ সালে ভোটের পর মহারাষ্ট্রের প্রতাপগড়ে গিয়েছিলেন তিনি।




