১৫ আগস্ট ঘিরে সক্রিয় হচ্ছে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা সাড়ে ১৫ বছরের শাসনামলের সমাপ্তি ঘটেছে স্বৈরশাসকের তকমা নিয়ে। সাবেক সরকারপ্রধানের একের পর এক ভুল সিদ্ধান্ত, শিক্ষার্থী ও সাধারণ মানুষকে গুলি করে হত্যা; অবশেষে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মতো ঘটনা খাদের কিনারায় নিয়ে গেছে দেশের সব থেকে পুরনো রাজনৈতিক দলটিকে। বর্তমানে দলের সভাপতিসহ কেন্দ্রীয়, থানা ও ওয়ার্ডসহ সব পর্যায়ের নেতাকর্মীই পলাতক। এ অবস্থায় রাজনীতির মাঠে কোণঠাসা দলটি।

সরকার পতনের কারণে রাজনৈতিকভাবে ভেঙে পড়া দলটিকে আবারও চাঙা করতে এবং সকল নেতাকর্মীকে সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছেন দলের হাইকমান্ড। এ ক্ষেত্রে ১৫ আগস্ট শোক দিবস ঘিরে পরিকল্পনা সাজিয়েছে আওয়ামী লীগ। পরিকল্পনার অংশ হিসেবে এ দিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে অবস্থিত বঙ্গবন্ধু ভবন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে দলটি। এ ছাড়া সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ এতে অংশ নেবেন বলে প্রত্যাশা আওয়ামী লীগের। শ্রদ্ধা জানানো হবে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের প্রতি। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধি সৌধে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

সরকার পদত্যাগের এক দফা দাবিতে তীব্র গণ-আন্দোলনের মুখে গত ৫ আগস্ট দেশ ছাড়েন শেখ হাসিনা। ফলে আওয়ামী লীগের টানা দেড় দশকের শাসনের অবসান ঘটে। ২০০১ সালে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের কাছে পরাজয়ের পর ২০০৯ সালের নির্বাচনের মধ্য দিয়ে আবারও ক্ষমতায় আসে আওয়ামী লীগ সরকার। এরপর ২০১৪, ২০১৯ ও ২০২৪-এর নির্বাচনে জয়লাভ করে টানা চারবার সরকার গঠন করে দলটি। যদিও শেষ তিন মেয়াদের নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে দেশে-বিদেশে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button