

জেলা প্রতিনিধি, ভোলা: ভোলার লালমোহন উপজেলায় রাতের আঁধারে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জমি দখলের চেষ্টার সময় ছয়জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের গজারিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে বুধবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আটককৃতরা হলেন- মো. বেলাল, মো. গিয়াস উদ্দিন, মো. জুয়েল, মো. মিতু, মো. মনির সরদার ও মো. আলম। তারা সবাই উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গজারিয়া এলাকার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি অবৈধভাবে গজারিয়া এলাকায় রাতের আঁধারে জমি দখলের চেষ্টা চলছে। এরপর ঘটনাস্থলে গিয়ে ছয়জনকে আটক করা হয়েছে। তবে আটককৃতরা যে জমি দখলের চেষ্টা করেছেন তা সরকারি কিনা জানতে তদন্ত চলমান রয়েছে।
অপরদিকে প্রতিবেদককে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, আটককৃতরা গজারিয়া পূর্ব বাজার এলাকার খালের ওপর রাতের আঁধারে অবৈধভাবে অন্তত ১০ থেকে ১৫টি দোকান ঘর নির্মাণ করতে চেয়েছিলেন।




