চট্টগ্রামে ফার্নিচার কারখানায় আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে মধ্যরাতে ফার্নিচার কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টা পর নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস। এতে পুড়ে গেছে তিনটি ফার্নিচার কারখানা। যদিও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে রোববার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তাছাড়া ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ২টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর থেকে পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে কোনো হতাহত হয়নি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button