রাজধানীর যাত্রাবাড়ীতে বিপন্ন প্রজাতির হনুমান পাচারের সময় গ্রেপ্তার ২

নিজেস্ব প্রতিবেদক: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ বন্যপ্রাণী পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) ভোরে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ।

গ্রেপ্তাররা হলেন— রফিকুল  ইসলাম (৪৩) ও রবিউল ইসলাম সোহাগ (৩০) ।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, একটি পাচারকারী চক্রের কিছু সদস্য বিপন্ন প্রজাতির কিছু বন্যপ্রাণী পাচার করার জন্য যাত্রাবাড়ী এলাকা হয়ে যাচ্ছে বলে গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে বিপন্ন প্রজাতির ৮টি মুখপোড়া হনুমান উদ্ধারসহ পাচারকারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ বন্যপ্রাণী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য। তারা ওই বিপন্ন প্রজাতির হনুমানগুলো চট্টগ্রামের পার্বত্য এলাকা থেকে সংগ্রহ করে সাতক্ষীরা সীমান্ত দিয়ে পাচারের জন্য নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

ডিসি তালেবুর রহমান আরও বলেন, গ্রেপ্তারদের ভ্রাম্যমাণ আদালতে উপস্থাপন করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী তাদের ছয় হাজার টাকা অর্থদণ্ড ও ২১ দিনের কারাদণ্ড এবং অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের কারাদণ্ড প্রদান করেন।

উদ্ধার করা হনুমানগুলো বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button