পথচলার শুরু থেকেই অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবনের নানা ইস্যুতেই বেশি আলোচনায় থাকেন জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি। তবে সেই ব্যাপক চর্চার সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেশের অন্যান্য তারকাদের পেছনে ফেলে শীর্ষস্থান দখল করে নিয়েছেন এই অভিনেত্রী। ফেসবুক ফলোয়ারের দিক থেকে এতদিন শীর্ষে থাকা ক্রিকেটার সাকিব আল হাসানকে এবার পেছনে ফেলেছেন তিনি।
বর্তমানে পরীমনির অফিশিয়াল ফেসবুক পেজের ফলোয়ার সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি। অন্যদিকে, তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের অনুসারীর সংখ্যা ১ কোটি ৬০ লাখের বেশি। অর্থাৎ প্রায় ১০ লাখ ফলোয়ারে সাকিবের চেয়ে এগিয়ে থেকে শীর্ষস্থান অর্জন করলেন পরীমনি।
এর আগে প্রায় তিন বছর আগে সাকিব ও পরীর ফেসবুক অনুসারীর সংখ্যা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। পরবর্তীতে ২০২৩ সালের আগস্ট মাসে সাকিব পুনরায় এগিয়ে গেলেও, এবার সেই ব্যবধান উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে প্রথম স্থানটি নিজের করে নিলেন পরীমনি।
জনপ্রিয় এই অভিনেত্রীর ফেসবুক পেজের অনুসারীরা বেশ সক্রিয়, যা তার বিভিন্ন পোস্টের রিয়্যাকশন ও কমেন্টেই স্পষ্ট। সম্প্রতি নিজের কন্যার একটি ভিডিও পোস্ট করার পর তাতে প্রায় ৯০ হাজার রিঅ্যাকশন পড়েছে। এর আগে মিষ্টি রোদে তোলা নিজের তিনটি ছবি পোস্ট করলে সেটিতে সাড়ে ৫৬ হাজারেরও বেশি রিঅ্যাকশন আসে। এ ছাড়া পেজটিতে প্রকাশিত সাম্প্রতিক ভিডিওগুলোর ভিউ ১০ লাখ থেকে শুরু করে দেড় কোটিরও বেশি ছাড়িয়েছে। উল্লেখ্য, ১ কোটি ৭০ লাখ ফলোয়ারের বিপরীতে পরীমনি নিজে ফেসবুক পেজ থেকে মাত্র সাতজনকে ফলো করলেও তারা কারা, তা আড়াল রেখেছেন অভিনেত্রী।
এদিকে ব্যক্তিগত ক্যারিয়ারে অভিনয়ের দিক থেকে বর্তমানে অনেকটাই অনিয়মিত হয়ে পড়েছেন পরীমনি। নিজের প্রতিষ্ঠান ‘বডি’ এবং সন্তানদের লালন-পালন নিয়েই এখন তার মূল ব্যস্ততা। এর বাইরে টুকটাক কিছু প্রচারণামূলক কাজ করলেও বিগত এক দেড় বছরে বেশ কয়েকটি সিনেমায় তার যুক্ত হওয়ার খবর শোনা গেলেও সেগুলোর শুটিং বা কাজের কাঙ্ক্ষিত অগ্রগতি এখনো জানা যায়নি।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!