চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় জমিজমা ও পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের পিটুনিতে নেজাম উদ্দীন (৩৮) নামের এক বড় ভাই নিহত হয়েছেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছোট ভাই মোহাম্মদ সুমন পলাতক রয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরার ঘোষখীল এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নিহত নেজাম উদ্দীনের সঙ্গে তার ছোট ভাই সুমনের জমিজমা এবং পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে মঙ্গলবার বিকেলে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও সংঘর্ষে রূপ নিলে সুমনের এলোপাতাড়ি মারধরের মুখে নেজাম গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন জানান, নেজাম উদ্দীনকে হাসপাতালে মৃত অবস্থাতেই নিয়ে আসা হয়েছিল। নিহতের মাথার পেছনে গুরুতর আঘাতের স্পষ্ট চিহ্ন রয়েছে। হাসপাতাল থেকে তাৎক্ষণিকভাবে বিষয়টি থানায় জানানো হলে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, পারিবারিক ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ভাইয়ের হাতে ভাই খুনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন পলাতক রয়েছে তাকে গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।