বিশ্বকাপ ফুটবলের রেশ কাটিয়ে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গন মুখর হয়ে উঠেছে। বর্তমানে পাকিস্তানে চলমান ‘কাভা মেনস সেন্ট্রাল ভলিবল চ্যাম্পিয়নশিপ’-এ দারুণ নৈপুণ্য দেখিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ জাতীয় ভলিবল দল।

টুর্নামেন্টের সেমিফাইনালে আজ উজবেকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। দুর্দান্ত খেলে উজবেকিস্তানকে সরাসরি ৩-০ সেটে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে বাংলাদেশ দল। প্রথম সেটে ২৫-২১ পয়েন্টে জয়লাভ করার পর, দ্বিতীয় সেটে ২৫-২০ এবং তৃতীয় ও শেষ সেটে ২৫-১৯ পয়েন্টে জয় তুলে নিয়ে ফাইনালে নিজেদের আসন পাকা করে তারা। টুর্নামেন্টের ফাইনালে স্বাগতিক পাকিস্তান ও শ্রীলঙ্কা ম্যাচের বিজয়ী দ্বিতীয় সেমিফাইনালিস্ট দলের মুখোমুখি হবে বাংলাদেশ। আগামী কালই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ।

এর আগে গ্রুপ পর্বে দারুণ পারফরম্যান্স প্রদর্শন করে বাংলাদেশ। গ্রুপ পর্বে শ্রীলঙ্কা, কাজাখস্তান, নেপাল ও উজবেকিস্তানকে পরাজিত করলেও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে পরাজিত হয় তারা। ফলে রানার্সআপ হয়ে সেমিফাইনালে নাম লেখায় বাংলাদেশ। তবে গ্রুপ পর্বের পর সেমিফাইনালেও উজবেকিস্তানকে পাত্তায় দেয়নি বাংলার ভলিবল খেলোয়াড়রা। বড় ব্যবধানে তাদের হারিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে এখন শিরোপা জয়ের লড়াইয়ে নামছে দল।