হবিগঞ্জে জুলাই পদযাত্রায় অংশ নেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এনসিপির নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে, যাতে সাংবাদিকসহ এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই দাবি করেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
পোস্টে আসিফ মাহমুদ উল্লেখ করেন, “উদ্বেগজনক বিষয় হলো, পুলিশের উপস্থিতিতেই এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা মোবাইল ফোন ও ক্যামেরাও ছিনিয়ে নিয়ে গেছে। এমনকি এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাস জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে ভাঙচুর করা হয়েছে।” তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই হামলাকে রাজনৈতিক সহিংসতার একটি ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেন।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, কর্মসূচি শেষে হবিগঞ্জ সার্কিট হাউসে ফেরার পথে সার্কিট হাউসের সামনে তাদের বহরে অতর্কিত হামলা চালানো হয়।
এনসিপির পক্ষ থেকে জানানো হয়, সমাবেশস্থল থেকে সার্কিট হাউসের দূরত্ব প্রায় দুই কিলোমিটার এবং ফেরার পথেই এই হামলার সূত্রপাত হয়। সার্কিট হাউসের ভেতরে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা এই হামলা চালায় বলে অভিযোগ করেছেন এনসিপির কনটেন্ট ক্রিয়েটর মোশারফ। এ সময় ঘটনাস্থলে পুলিশ সম্পূর্ণ নীরব ভূমিকা পালন করেছিল বলেও অভিযোগ করা হয়।
এই হামলায় এনসিপির ভিডিওগ্রাফার ইউসুফ আহমেদ, মিডিয়া সেলের মোজো আরাফাত সানি, গাড়িচালক আসলাম হোসাইন, কনটেন্ট ক্রিয়েটর মোশারফ এবং ভিডিও এডিটর শাহরিয়ার গুরুতর আহত হন। এছাড়া হামলায় দুটি ক্যামেরা সেটআপ, একটি ল্যাপটপ, একটি ম্যাকবুক ও দুটি মোবাইল ফোন ক্ষতিগ্রস্ত হয় এবং মিডিয়া টিমের ব্যবহৃত মাইক্রোবাসটি ব্যাপক ভাঙচুর করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!