পাবনার আটঘরিয়ায় গীতা রানী (৪৫) নামের এক স্কুলশিক্ষিকাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে নিজ বাড়ির পাশের একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকি থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে অজ্ঞাত দুর্বৃত্তরা সিঁধ কেটে গীতা রানীর ঘরে প্রবেশ করে। এ সময় শিক্ষিকা টের পেয়ে বাধা দিলে দুর্বৃত্তদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। একপর্যায়ে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যাকাণ্ড নিশ্চিত করার পর দুর্বৃত্তরা তার মরদেহ বাড়ির পাশে একটি পরিত্যক্ত টয়লেটের ট্যাংকির ভেতরে ফেলে পালিয়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধেই হত্যা করা হয়েছে।

নিহত গীতা রানী আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের একদন্ত বারইপাড়া (হিন্দু পাড়া) গ্রামের নন্দ দাসের স্ত্রী। তিনি স্থানীয় চাচকিয়া ব্র্যাক স্কুলের শিক্ষিকা ছিলেন। তার স্বামী জীবিকার তাগিদে ঢাকায় থাকেন এবং বাড়িতে তিনি একাই বসবাস করতেন।

ওসি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। কে বা কারা এবং ঠিক কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা উদ্ঘাটনে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত শুরু করেছে।