আদিবাসীদের অধিকার, মর্যাদা ও টেকসই উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের মধুপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।
রবিবার (৯ আগস্ট) সকালে জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদ, ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন, আচিক মিচিক সোসাইটি, জলছত্র হরিসভা উন্নয়ন প্রকল্প, নাগরিক উদ্যোগ, বাগাছাস, কারিতাস, বেলাসহ অন্যান্য আদিবাসী সংগঠনের উদ্যোগে উপজেলার ভুটিয়া উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে
এসে শেষ হয়। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধিরা তাদের সংস্কৃতি, ঐতিহ্য, শিক্ষা, স্বাস্থ্য, ভূমির অধিকার এবং আর্থ-সামাজিক উন্নয়ন বিষয়ে বক্তব্য দেন।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মি: ইউজিন নকরেক। আলোচনা সভা উদ্বোধন করেন মি: অজয় এ মৃ। বক্তব্য দেন বিশিষ্ট আদিবাসী গবেষক ও লেখক মি: থিওফিল নকরেক, এডভোকেট জনযেত্রা, অব: জেলা জজ জগদিস চন্দ্র বর্মণ, মি: মৃগেন হাগিদক, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন, কারিতাসের আঞ্চলিক পরিচালক মিসেস রোজী রংমা প্রমুখ।
বক্তারা বলেন, আদিবাসীদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান এবং সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন ও সমাজের সকল স্তরের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তারা বৈষম্যহীন সমাজ গঠনে আদিবাসী জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে আদিবাসী শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য, গান ও সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের নারী-পুরুষ অংশগ্রহণ করেন।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!