বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সরকারের সমালোচনা করার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে বিক্ষোভ ও বিচারকের এজলাসে ঢুকে সরঞ্জামাদি ভাঙচুরের অভিযোগ উঠেছে জেলা ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে।

রোববার (৯ আগস্ট) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের দ্বিতীয় ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা যুগ্ম জেলা ও দায়রা জজ মো. উজ্জ্বল হোসেনকে প্রত্যাহারের দাবি জানিয়ে ৭২ ঘণ্টার আলটিমেটাম দেন।

জানা যায়, আওয়ামী আমলের একটি মামলায় হাজিরা দিতে নেতাকর্মীরা আদালতে উপস্থিত হলে বিচারক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে সমালোচনা করেন। এর প্রতিবাদে আদালত চত্বরে বিক্ষোভ করেন জেলা ছাত্রদলের সভাপতি ফজলে আজিম মিম ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবর আলীসহ অন্যান্য নেতাকর্মীরা।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।