রাজশাহীর চারঘাট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একই পরিবারের দুই সদস্যের এমন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১টার দিকে উপজেলার অনুপামপুর কলোনিপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন ৬০ বছর বয়সী শমসের আলী ও তার ২৫ বছর বয়সী পুত্রবধূ তানিয়া বেগম। নিহত শমসের আলী ওই গ্রামেরই মৃত রেকাত আলীর ছেলে এবং তানিয়া বেগম শমসের আলীর ছেলে শরীফুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির ভেতরে ব্যাটারিচালিত ভ্যান চার্জ দেওয়ার সুব্যবস্থা ছিল এবং সেই বৈদ্যুতিক তারের পাশেই কাপড় শুকানোর দড়ি টাঙানো ছিল। শুক্রবার দুপুরে তানিয়া বেগম ওই দড়িতে ভেজা কাপড় শুকাতে গেলে ভুলবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে দ্রুত এগিয়ে গেলে শ্বশুর শমসের আলীও বিদ্যুতের সংস্পর্শে এসে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য তাকদিরুল ইসলাম জানান, বৈদ্যুতিক তারের ওপর বা তারের কাছাকাছি ভেজা কাপড় দিতে গিয়ে প্রথমে তানিয়া বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন এবং তাকে বাঁচাতে গিয়ে শ্বশুর শমসের আলীও প্রাণ হারান।

এ বিষয়ে চারঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের দুজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।