রাজধানীর তুরাগ এলাকায় ধারালো চাপাতি দিয়ে চালককে জখম করে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জড়িত ৩ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত ব্যাটারিচালিত অটোরিকশা এবং অপরাধে ব্যবহৃত একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে।
তুরাগ থানা পুলিশের একটি চৌকস দল বিশেষ অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ও তদন্তে প্রাপ্ত আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।
পুলিশ ও মামলার বিবরণী সূত্রে জানা যায়, গত ১১ জুন তুরাগ থানায় একটি ছিনতাই মামলা দায়ের করা হয়। মামলার অভিযোগে বলা হয়, এক অটোরিকশা চালককে ধারালো চাপাতি দিয়ে জখম করে তার তিন চাকার ব্যাটারিচালিত অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যাচ্ছিল দুর্বৃত্তরা। ঘটনার সময়ই স্থানীয় জনতার সহায়তায় মাহাবুর আলম (৩১) নামে এক আসামিকে হাতেনাতে আটক করা হলেও বাকিরা অটোরিকশাটি নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
পরবর্তীতে মামলার তদন্ত কর্মকর্তা এসআই উজ্জ্বল মিয়া ও এসআই সাদিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল তথ্য-প্রযুক্তির সহায়তায় তুরাগ থানাধীন নয়ানীচালা সংলগ্ন প্রত্যাশা ব্রিজের পূর্ব পাশে এক বিশেষ অভিযান পরিচালনা করে। এই অভিযানে ঘটনায় জড়িত আরও দুই অপরাধী—মো. আশিক সরদার (২৫) ও মো. আলমগীর হোসেন (৩৪)-কে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই হওয়া অটোরিকশা ও চাপাতিটি উদ্ধার করে পুলিশ।
এদিকে এই ঘটনার পর তুরাগ এলাকার অটোরিকশা ও গ্যারেজ কেন্দ্রিক বিভিন্ন অপরাধের চিত্র উঠে এসেছে স্থানীয়দের বয়ানে। এলাকার বাসিন্দারা জানান:
তুরাগ এলাকার বেপরোয়া অটোরিকশা চালকদের একটি বড় অংশ বিভিন্ন ধরণের অপরাধ ও অপকর্মের সাথে সরাসরি জড়িত।
সিটি কর্পোরেশনের অনুমতি ছাড়াই এবং সম্পূর্ণ অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে এলাকায় দেদারসে চলছে বেশির ভাগ অটোরিকশা গ্যারেজ।
এইসব গ্যারেজের আড়ালে রাতের বেলা চলে মাদক বাণিজ্য, মাদক সেবনসহ নানা রকম অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ড।
স্থানীয় বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ আশা প্রকাশ করেছেন, দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপে এই অবৈধ গ্যারেজ ও চালকদের আড়ালে থাকা অপরাধীদের অপকর্ম বন্ধ হবে।
উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগ জানান, "ছিনতাইয়ের ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার ও আলামত উদ্ধার করা হয়েছে। এই চক্রের সাথে জড়িত এবং এলাকার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় আমাদের প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে।"
মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!