অনুমোদন না থাকা সত্ত্বেও বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন এবং অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি তেল আমদানি, পরিশোধন ও বিপণনের জন্য খসড়া নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ করেছে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ)।

সোমবার (২৪ আগস্ট) সংগঠনটির কার্যালয়ে এ প্রতিবাদ ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়।

সভায় নেতারা বলেন, সম্প্রতি বেসরকারি ব্যবস্থাপনায় পরিশোধিত জ্বালানি তেল আমদানি করে বিক্রয় ও বিপণনের অনুমতি দেওয়ার জন্য জ্বালানি বিভাগ বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনকে (বিপিসি) খসড়া নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে। এ সিদ্ধান্ত দেশের জ্বালানি নিরাপত্তার জন্য হুমকি তৈরি করবে বলে দাবি করেন তারা।

তারা আরও বলেন, সুপার পেট্রোকেমিক্যাল লিমিটেডকে অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণনের ক্ষেত্রে বেসরকারি পর্যায়ে রিফাইনারি স্থাপন, অপরিশোধিত জ্বালানি তেল আমদানিপূর্বক মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন নীতিমালা-২০২৩-এর আওতায় জ্বালানি বিভাগ থেকে কোনো চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়নি। এরপরও প্রতিষ্ঠানটির রিফাইনারি স্থাপন এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত, প্রক্রিয়াকরণ, পরিবহন ও বিপণন করায় তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) সভাপতি দেওয়ান মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, বেসরকারিভাবে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানি ও বিপণনের জন্য নীতিমালা প্রণয়নের প্রস্তাব দেশের জ্বালানি নিরাপত্তার জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশের গুরুত্বপূর্ণ এই খাতকে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কাছে জিম্মি করার কোনো ষড়যন্ত্র হলে ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) ও বাংলাদেশ অয়েল অ্যান্ড গ্যাস ওয়ার্কার্স ফেডারেশনের নেতৃত্বে কঠিন আন্দোলন ও প্রতিরোধ গড়ে তোলা হবে।

ইস্টার্ন রিফাইনারি এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) সাধারণ সম্পাদক মো. আবদুর রহমান বলেন, বিপিসি ও এর আওতাধীন সব প্রতিষ্ঠান লাভজনক হওয়া সত্ত্বেও বেসরকারিভাবে অপরিশোধিত ও পরিশোধিত জ্বালানি আমদানি, পরিশোধন, বিতরণ ও বিপণনের সিদ্ধান্ত এই খাতের জন্য অশনি সংকেত। একনেক অনুমোদিত ইস্টার্ন রিফাইনারির সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্প দ্রুত বাস্তবায়ন করা হলে সরকারি ব্যবস্থাপনায় বিপিসির মাধ্যমে দেশের বর্তমান জ্বালানি চাহিদার শতভাগ পূরণের সক্ষমতা বাড়ানো সম্ভব।

তিনি বলেন, আগামী মাসে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে সরকার ঋণ চুক্তি স্বাক্ষর করতে যাচ্ছে। এর মাধ্যমে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট প্রকল্প বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে।

আবদুর রহমান আরও বলেন, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট বাস্তবায়নের এই সময়ে অনুমোদন না থাকা সত্ত্বেও কোনো বেসরকারি প্রতিষ্ঠান রিফাইনারি স্থাপন এবং অপরিশোধিত জ্বালানি তেল আমদানি ও পরিশোধনের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। দেশের জ্বালানি নিরাপত্তার স্বার্থে নতুন করে কোনো জটিলতা সৃষ্টি না করে বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে সরকার ও জ্বালানি বিভাগের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরও বক্তব্য রাখেন ইস্টার্ন রিফাইনারি সিবিএর কার্যকরী সভাপতি নুরুস সালাম, সিনিয়র সহ-সভাপতি প্রকাশ রায়, সহ-সভাপতি মোহাম্মদ শোয়াইব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. কাসরুল আহসানসহ অন্যান্য সিবিএ নেতারা।