ফরিদপুরের ভাঙ্গায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় সদ্য চিকিৎসা শেষ করে বাড়ি ফেরা রোগী ও অ্যাম্বুলেন্সের চালকসহ চারজন আহত হয়েছেন।

গত সোমবার (২৪ আগস্ট) দুপুর দেড়টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় গুরুতর আহত হন অ্যাম্বুলেন্সচালক মোবারক হোসেন (৪৫) এবং রোগী শিহাব হোসেন (২৫)। তাদের উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া আহত অন্য দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়; তারা হলেন শিহাবের নানা শাহ আলম (৭৪) এবং নানী রওশনারা বেগম (৬৫)।

ভাঙ্গা হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামের যুবক শিহাব হোসেন ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল) থেকে চিকিৎসা শেষ করে অ্যাম্বুলেন্সে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী এলাকায় পৌঁছালে ঢাকাগামী 'দশমিনা পরিবহন'-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের বহনকারী অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রথমে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আবু জাফর জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই তারা ঘটনাস্থলে গিয়ে আহত চারজনকে উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার সার্জেন্ট মো. আজাদুর রহমান বলেন, দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সের রোগী ও চালক গুরুতর আহত হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত অ্যাম্বুলেন্সটি উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর বাসচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।