চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নাগরিক সেবা কেন্দ্র ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে পাওয়া অভিযোগের ভিত্তিতে নগরের তিনটি এলাকায় অভিযান চালিয়েছে চসিক ভ্রাম্যমাণ আদালত। এসব অভিযানে প্রায় শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ, সড়ক ও ড্রেন দখলমুক্ত করার পাশাপাশি মোট ৪৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
মঙ্গলবার (২৫ আগস্ট) নগরের এনায়েত বাজার, দেবপাহাড় ও বড়পোল মোড়ে এ অভিযান চালানো হয়। এদিন বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অভিযান সূত্রে জানা যায়, মঙ্গলবার অ্যাপে প্রাপ্ত সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নগরের এনায়েত বাজার এলাকায় প্রথম অভিযান পরিচালিত হয়। এ সময় সড়ক ও ফুটপাত দখল করে রাখা অবৈধ স্থাপনা উচ্ছেদ ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। একই সঙ্গে অনিয়মের দায়ে সংশ্লিষ্টদের ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অন্যদিকে, দেবপাহাড় এলাকায় অন্য এক অভিযানে ড্রেনের ওপর অবৈধভাবে গড়ে তোলা সব দোকানপাট গুঁড়িয়ে দিয়ে পানি নিষ্কাশনের পথ সুগম করা হয়।
একই দিন চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা-৪-এর নেতৃত্বে নগরের বড়পোল মোড়ে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হয়। সেখানকার সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান ও নানা ধরনের স্থাপনা উচ্ছেদ করে পথচারী ও যানবাহন চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করে চসিক।
বড়পোল মোড়ে পরিচালিত অভিযানে বিভিন্ন অপরাধ ও অনিয়মের দায়ে ১০টি মামলা দায়ের করে মোট ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে মশার লার্ভা পাওয়ার অনুকূল পরিবেশ সৃষ্টি ও অপরিচ্ছন্নতার দায়ে ৭টি মামলায় ৬ হাজার ৫০০ টাকা, মেয়াদোত্তীর্ণ ট্রেড লাইসেন্সের দায়ে ২টি মামলায় ১ হাজার ৫০০ টাকা এবং সড়কে নির্মাণসামগ্রী রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরির অপরাধে ১টি মামলায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ প্রসঙ্গে চসিক কর্মকর্তা জানান, নগরের শৃঙ্খলা ফিরিয়ে আনা, ড্রেন ও ফুটপাত দখলমুক্ত রাখা এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে আসা নাগরিক অভিযোগগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে ও পরিচ্ছন্ন নগর গড়তে চসিকের এমন অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!