প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে সামাজিক ও ধর্মীয় সংগঠন 'নেদায়ে ইসলাম'।
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত টঙ্গীর আউচপাড়া বেপারী বাড়ি মসজিদের দ্বিতীয় তলায় এই চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজকরা জানান, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)-এর শিক্ষাকে ধারণ করে অসহায় ও নিম্নআয়ের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া এবং মানুষের পাশে দাঁড়ানোই এই আয়োজনের মূল উদ্দেশ্য। বিশেষ করে, যারা আর্থিক সংকটের কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ বা ওষুধ কিনতে পারেন না, এই ক্যাম্প তাদের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করেছে।
দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন, ডেন্টাল (দন্ত), চক্ষু, গাইনি এবং হোমিওপ্যাথিক বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। সেবাগ্রহীতাদের মাঝে প্রয়োজনীয় চিকিৎসাপরামর্শের পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। টঙ্গীর আউচপাড়া ও এর আশপাশের বিভিন্ন এলাকার সর্বস্তরের মানুষ এই ক্যাম্পে এসে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন ও উপস্থিত ছিলেন বেপারী বাড়ি মসজিদের মুতায়াল্লি ও ৫৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী হাজী মোঃ ইকবাল হোসেন এবং বেপারী বাড়ি মাদ্রাসার সাধারণ সম্পাদক শামীম বেপারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত অতিথিরা বলেন, 'নেদায়ে ইসলাম' শুধু ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের চর্চাই নয়, বরং মানবকল্যাণে নিয়মিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও চিকিৎসায় সহায়তা প্রদান এবং ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দেওয়াই সংগঠনটির লক্ষ্য। ভবিষ্যতেও জনকল্যাণমুখী এ ধরনের কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করার আশাবাদ ব্যক্ত করেন তারা।
নেদার ইসলামের এই মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ। তারা ভবিষ্যতেও নিয়মিত এমন জনকল্যাণমূলক উদ্যোগ গ্রহণের জন্য আয়োজকদের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!