ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন করেছে।
বুধবার (২৬ আগস্ট) পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা হয় এবং দিবসটি উপলক্ষে বাংলাদেশ থেকে পাঠানো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। অনুষ্ঠানে হাইকমিশনের সব কর্মকর্তা-কর্মচারী, তাদের পরিবারবর্গ ও পাকিস্তানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন।
আলোচনা পর্বে বক্তারা জানান, বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.)-এর সুন্নাহ, শিক্ষা এবং জীবনাদর্শ আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সর্বদা অনুসরণীয়। হাইকমিশনা মো. ইকবাল হোসেন খান তাঁর বক্তব্যে বলেন, মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী হিসেবে হযরত মুহাম্মদ (সা.) পৃথিবীতে প্রেরিত হয়েছেন। তাঁর আগমন সারা বিশ্বে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির নতুন দিগন্ত উন্মোচন করেছে। ধর্মীয় ও পার্থিব জীবনে তাঁর আদর্শ বিশ্ববাসীর জন্য উৎকৃষ্টতম অনুকরণীয় উল্লেখ করে তিনি বলেন, সাম্য ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি সকলের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মহানবীর দিকনির্দেশনা ও জীবনাদর্শ মুসলমানদের জন্য অবশ্য পালনীয়।
অনুষ্ঠান শেষে দেশের অব্যাহত শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

মন্তব্য করুন
মন্তব্য সমূহ
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!