হঠাৎ করেই বিশ্বজুড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত ৮টার পর থেকে হঠাৎ করেই বিশ্বব্যাপী হাজার হাজার ব্যবহারকারীর ফেসবুক আইডি এবং মেসেঞ্জার স্বয়ংক্রিয়ভাবে (অটো) লগআউট হয়ে গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ইউনিলেইড-এর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ওয়েবসাইট বা অ্যাপের বিভ্রাট পর্যবেক্ষণকারী আন্তর্জাতিক সাইট ‘ফাস্টডাউন’ বাংলাদেশ সময় শুক্রবার রাত প্রায় ৮টার দিকে জানায়, হঠাৎ করেই ফেসবুকের সার্ভারে বড় ধরনের ত্রুটি দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৫ হাজার ৭০০-এর বেশি ব্যবহারকারী ফেসবুক ব্যবহারে সমস্যার কথা রিপোর্ট করেছেন। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ও ফিলিপাইন থেকে সবচেয়ে বেশি ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হয়ে রিপোর্ট জমা দিয়েছেন।

হঠাৎ করে আইডি লগআউট হয়ে যাওয়ায় এবং পুনরায় লগইন করতে না পারায় বিশ্বজুড়ে কোটি কোটি ব্যবহারকারী চরম ভোগান্তির মধ্যে পড়েছেন। অনেকে পাসওয়ার্ড সঠিক দেওয়ার পরও অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না, আবার কেউ কেউ অ্যাকাউন্টে ঢুকতে পারলেও ফেসবুকের নিউজ ফিড লোড হচ্ছে না বলে অন্যান্য মাধ্যমে নিজেদের ক্ষোভ ও উদ্বেগের কথা জানাচ্ছেন।

ঠিক কী কারণে বিশ্বব্যাপী ফেসবুকের এই আকস্মিক বিপর্যয় বা সার্ভার ডাউন ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এই সমস্যা কতক্ষণ স্থায়ী হবে বা কখন নাগাদ পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, সে বিষয়ে ফেসবুকের মূল প্রতিষ্ঠান ‘মেটা’ (Meta) এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি। তবে মেটার কারিগরি দল সার্ভার সচল করতে কাজ শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ফেসবুক অ্যাকাউন্টে এমন আকস্মিক সমস্যা দেখে অনেক ব্যবহারকারী হ্যাকিংয়ের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়েছেন। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা ব্যবহারকারীদের আতঙ্কিত না হয়ে আপাতত ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। এটি সার্ভারজনিত একটি বৈশ্বিক সমস্যা এবং দ্রুতই তা ঠিক হয়ে যাবে বলে তারা আশ্বস্ত করেছেন।